ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
সময়: ০৮:১৪:১৪ PM

খুলনায় ব্যবসায়ী অপহরণের অভিযোগ, ওসমানীনগরের বিএনপি নেতার তিন ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
11-04-2026 09:04:00 PM
খুলনায় ব্যবসায়ী অপহরণের অভিযোগ, ওসমানীনগরের বিএনপি নেতার তিন ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ

গত মঙ্গলবার (৭ এপ্রিল) খুলনা খুলনার দৌলতপুর এর কেদারনাথ রোড থেকে সিলেটের ওসমানীনগর এলাকার পণ্য পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরীকে অপহরণের অভিযোগ করেছে তাঁর পরিবার। এ অপহরণের পেছনে ওসমানীনগর উপজেলা বিএনপির সক্রিয় সদস্য আব্দুল বাসিত মবরুর এবং তাঁর দুই ভাই, উপজেলা বিএনপির সদস্য মাহবুব আহমেদ ও মারুফ আহমেদের নির্দেশ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
অপহৃত ব্যবসায়ীর ভাই জয়নাল চৌধুরীর দাবি, দীর্ঘদিন ধরে আব্দুল বাসিত মবরুর ও তাঁর দুই ভাই রফিকুল ইসলাম চৌধুরীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে একের পর এক হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁদের হুমকি ও নির্যাতন থেকে বাঁচতে রফিকুল ইসলাম খুলনায় আত্মগোপন করেন। কিন্তু সেখানেও তাঁর অবস্থান জানতে পেরে আব্দুল বাসিত মবরুর, মাহবুব আহমেদ ও মারুফ আহমেদের নির্দেশে তাঁদের সহযোগীরা দলবদ্ধভাবে খুলনায় গিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যায় বলে দাবি করেন জয়নাল চৌধুরী।
পরিবারের অভিযোগ, এ ঘটনায় খুলনার দৌলতপুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কর্মকর্তারা তাঁদের ফিরিয়ে দেন। অভিযোগ গ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো মন্তব্য করেননি।
অভিযুক্ত তিন ভাইয়ের বাবা আব্দুস সমি বর্তমানে ওসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি। এর আগে তিনি শাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং পরবর্তী সময়ে ওসমানীনগর থানা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তাঁর বড় ছেলে আব্দুল বাসিত মবরুর আগে ওসমানীনগর থানা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। অন্য দুই ছেলে মাহবুব আহমেদ ও মারুফ আহমেদ উপজেলা শাখা হেফাজতে ইসলামীর সদস্য ছিলেন বলে জানা গেছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাবেক একজন সদস্য কীভাবে ওসমানীনগর উপজেলা বিএনপিতে পদ পেলেন, এমন প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, 
“যুদ্ধাপরাধী হাসিনার ফ্যাসিবাদী আদর্শ ত্যাগ করে যাঁরা বিপ্লবের চেতনা ধারণ করবেন এবং আমাদের মহান নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার কাজে সমর্থন দেবেন, সেই সব সাবেক আওয়ামী লীগ সমর্থক ও কর্মীকে বিএনপি স্বাগত জানাবে। আব্দুস সমি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতি করছেন। তিনি ও তাঁর ছেলেরা আমাদের কাছে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে পরিচিত। জুলাই মাস থেকে তাঁরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনেও অংশ নিয়েছেন।”
এদিকে শুধু রফিকুল ইসলাম চৌধুরী নন, ওসমানীনগরের আরও কয়েকজন ব্যবসায়ী আব্দুল বাসিত মবরুর, মাহবুব আহমেদ, মারুফ আহমেদ এবং তাঁদের বাবা আব্দুস সমির বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, মারধর ও অপহরণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন।
মনজু পোলট্রি অ্যান্ড ফিডের মালিক মনজু ব্যাপারীর স্ত্রী রাশেদা আক্তার লিজা অভিযোগ করেন, গত ১৮ জানুয়ারি আব্দুল বাসিত মবরুর তাঁর সাত থেকে আটজন সহযোগীকে নিয়ে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে অস্ত্রের মুখে তাঁর স্বামীকে অপহরণ করেন। রাশেদা জানান, আব্দুস সমির সঙ্গে তাঁর স্বামীর কৃষিজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। তাঁর অভিযোগ, স্বামীকে অপহরণের পর আব্দুস সমি ও তাঁর ছেলেরা ওই কৃষিজমি অবৈধভাবে দখল করে নিয়েছেন।
অন্যদিকে, মেসার্স সাহাবুল রাইস মিলের মালিক মো. সাহাবুল মিয়ার বড় ছেলে মমিনুল অভিযোগ করেন, গত ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের মোমেনশাহী ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাঁর বাবাকে অপহরণ করেন মাহবুব আহমেদ ও তাঁর সহযোগীরা। মমিনুলের দাবি, তাঁর বাবা বিএনপির সভা-সমাবেশে অংশ নিতে এবং নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিতে রাজি না হওয়ায় তাঁকে অপহরণ করা হয়।
এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই বিএনপির নাম ব্যবহার করে আব্দুল বাসিত মবরুর ও তাঁর ভাইদের বিরুদ্ধে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ করে আসছেন ওসমানীনগরের একাধিক ব্যবসায়ী। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন জয়নাল ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. জয়নাল, মণ্ডল ট্রেডিং করপোরেশনের মালিক আশফর রহমান মণ্ডল, শাহ আলম মোটরসের মালিক শাহ আলম, এবং আজমাইন ফার্টিলাইজার অ্যান্ড সিড সেন্টারের মালিক আব্দুর রউফ।
মণ্ডল ট্রেডিং করপোরেশনের মালিক আশফর রহমান মণ্ডল অভিযোগ করে বলেন, 
“আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আব্দুল বাসিত মবরুর আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। আমি একজন বৃদ্ধ মানুষ। আমার ওপর যে অন্যায় করা হয়েছে, তার বিচারের জন্য আমি মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।
তিনি বলেন, “বিএনপি যেভাবে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা অনেকেই সহ্য করতে পারছে না। এ কারণেই আমাদের বিপ্লবীদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। যারা এসব অভিযোগ করছে, তাদের কারও সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠনের ওঠাবসা আছে কি না, তা তদন্ত করে দেখা দরকার।”
এদিকে গত ১৮ জানুয়ারি স্বামী অপহৃত হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাননি বলে জানিয়েছেন রাশেদা আক্তার লিজা। সংসারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। দৈনন্দিন খরচ জোগাতে না পেরে একপর্যায়ে রাস্তায় ভিক্ষা করতেও বাধ্য হয়েছেন বলে জানান রাশেদা।
অসহায়ত্বের কথা বলতে গিয়ে রাশেদা আক্তার লিজা বলেন, “জীবনে এই প্রথমবার সরকারি ত্রাণের চাল নিতে হলো। কিন্তু চাল নেওয়ার সময় দেখি বস্তার ওপর বড় করে লেখা, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। সেই হাসিনার চালই এখন নতুন সরকার আমাদের দিচ্ছে।”