কুমিল্লা, ২৯ জুন: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৯ জুন) বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
ওসি জানান, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানের মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঘটনার মূল অভিযুক্ত কাটাবিল এলাকার জামাল হোসেনের ছেলে জামসেদ হোসেন শ্রাবণ (২২)-কে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
এরপর ধারাবাহিক অভিযান চালিয়ে একই ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মৃত শাহজাহান মিয়ার ছেলে আসিফ (২৬), মৃত মো. সুলতানের ছেলে আশিক (৩৫) এবং মো. ইকবালের ছেলে ইমন (১৯)। গ্রেপ্তার হওয়া চারজনের বাড়িই কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায়।
সংবাদ সম্মেলনে ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “সমাজে নিরাপত্তা বিঘ্নকারী, মাদক ও অস্ত্রের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। স্কুলছাত্র ইথানের ওপর যারা গুলি চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। অস্ত্র ও মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থান এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চলছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব কার্যক্রম অব্যাহত রয়েছে।