ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
সময়: ১০:৩৫:২২ AM

”তৃতীয় ভাষা জানলে প্রতিযোগিতায় টিকতে পারবে”

স্টাফ রিপোটার ।। করাপশনমিরর.কম
29-06-2026 03:33:28 PM
”তৃতীয় ভাষা জানলে প্রতিযোগিতায় টিকতে পারবে”

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীদের ভাষার ওপর আমরা জোর দিচ্ছি। বিভিন্ন ভাষা আমরা শেখাতে চাইছি। স্কুলের মধ্যে আমরা ভাষা শিক্ষা নিয়ে আসবো। একজন শিক্ষার্থী তৃতীয় ভাষা জানলে যেকোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবেন।সোমবার (২৯ জুন) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথিমক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যদি আজকে একটি তৃতীয় ভাষা জানো, বা যেকোনো ছবি আর্ট করতে পারো- এমন প্রতিভা থাকলে তুমি বাংলাদেশের ভিতরে থাকো বা বাইরেই থাকো যেকোনো দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে।

তিনি বলেন, আমরা চাই আমাদের প্রতিটা কাজের আউটপুট থাকতে হবে। যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সবকিছুই শিক্ষার্থীদের ঘিরে। কারণ আমরা আছি আগামীতে আমরা থাকবো না। তোমরাই ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

তিনি আরো বলেন, গত দশ বছরে এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম আমরা। এখন শিক্ষার্থীদের যেসব বিষয়ে আমরা উৎসাহ দিচ্ছি। আমরা ইংরেজিতে জোর চাইছি। একই সঙ্গে আমরা তোমাদের জন্য আরো কয়েকটা ভাষা সিলেক্ট করবো। এর মধ্যে যেকোনো একটা শিখলে তোমাদের একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে। তার ফলে তুমি দেশের ভিতরে হোক বা ৃ এই যে একটু আগে দুইটা মেয়ে কি সুন্দর চাইনিস ভাষায় কথা বললো। ওরা যদি চায়না যায় ওদের কোনো সমস্যা হবে না। ঠিক তেমনি তুমি যদি অন্য কোনো দেশে যাও আর তোমার যদি সেই দেশের ভাষা জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। চাকরি করো বা যেকোনো কাজ করো সমস্যা হবে না।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিটা শিক্ষার্থীর প্রতিভা রয়েছে, যার যে প্রতিভা রয়েছে তাকে সেই সেক্টরে নিয়ে আসা হবে। যার যেটা ভালো লাগবে সে ওইভাবে তার স্কিলনেস ডেবলভ করবে।

তারেক রহমান বলেন, একটা দেশের মানুষের যদি মানবিকতা থাকে তাহলে এর চেয়ে বড় সম্পদ হতে পারে না। প্রিয় শিক্ষকবৃন্দ আমি জানি আমরা সবাই কিছু না কিছু কষ্টের মধ্যে রয়েছি। কিন্তু যার যার অবস্থান থেকে যদি কিছু না কিছু কাজ করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো।তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এবং ফিউচার বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করছি।