ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬,
সময়: ০৫:০৭:৫১ PM

মহাসড়কে সাত কিলোমিটার যানজট

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
02-07-2026 06:27:25 AM
মহাসড়কে সাত কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই যানজটের কারণে শত শত যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। এতে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, গভীর রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের সংঘর্ষের জেরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত এলাকায়, যেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক তাপস চন্দ্র সাহা জানান, তিনি সকালে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বাসে রওনা দেন। দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছানোর পর যানজটে আটকে পড়েন। মাত্র ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের চালক মো. মাইনউদ্দিন বলেন, ভোরে ঢাকা থেকে যাত্রা শুরু করার পর হাসানপুর এলাকায় এসে যানজটে পড়েন। ধীরগতিতে যানবাহন চলার কারণে গৌরীপুর পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে।

এদিকে যানজটের কারণে পরীক্ষার্থীরাও উদ্বেগের মধ্যে পড়েছেন। বরকোটা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী তানজিনা আক্তার এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. নাইম জানান, তাঁদের পরীক্ষাকেন্দ্র ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজ, যা তাঁদের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। সকাল আটটায় বাড়ি থেকে রওনা দিলেও গৌরীপুর এলাকায় যানজটে আটকে পড়ায় সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনার পর সৃষ্ট যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।