ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
সময়: ০৪:৪০:০৩ PM

টাকার ভাগাভাগির ভিডিও নিয়ে তোলপাড়

স্টাফ রিপোটার।। করাপশনমিরর.কম
22-08-2026 12:33:00 PM
টাকার ভাগাভাগির ভিডিও নিয়ে তোলপাড়

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকতের অফিস কক্ষে টাকার ভাগাভাগির ভিডিও নিয়ে দুদিন ধরেই তোলপাড় চলছে। এর মধ্যেই দুদকে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো। যেখানে হাসান শওকত ও তার স্ত্রীর অবৈধ অঢেল অর্থ ও সম্পত্তির তথ্য দেয়া হলো। প্রকৌশলী মো. হাসান শওকতের অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান করে তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

অভিযোগ নামায় বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকত সরকারি চাকরিতে কর্মরত থেকে নামে-বেনামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৩০০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। তার প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও চিত্র নিয়ে দেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মো. হাসান শওকত নিজ নামে, তার স্ত্রী ফেরদৌসি খানম এর নামে এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের নামে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, জমি ক্রয় করেছেন। নিম্ তার অবৈধ সম্পদের কিছু অংশ ধারাবাহিকভাবে তুলে ধরা হলো:১. রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় তার একাধিক ফ্ল্যাট ও জমি রয়েছে। ২. খুলনা, মেহেরপুর, মাগুরা, ঢাকা জেলায় নামে-বেনামে তার অন্তত ২০০ শতাংশ জমি রয়েছে। ৩. তার স্ত্রীর ফেরদৌসি খানম এর নামে ১৮৪.৩৩ শতাংশ জমি রয়েছে। ৩. একাধিক আত্মীয়স্বজনের নামে তিনি ফ্ল্যাট-বাড়ি ও ব্যাংকে টাকা রেখেছেন।’

এর আগে সোমবার হাসান শওকতের কক্ষে অর্থ লেনদেনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (উন্নয়ন-৩) এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকতের বিরুদ্ধে সংবাদপত্রে প্রকাশিত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. সরদার মো. কেরামত আলীকে (বর্তমানে তিনি উন্নয়ন বিভাগে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন), সদস্য হিসেবে আছেন ইইডির প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী ও উপসচিব (উন্নয়ন-৩) এ এস এম শাহরিয়ার জাহান। রোববার (১৬ আগস্ট) আজকের পত্রিকায় ‘ইইডির প্রকৌশলীর টেবিলে লেনদেন: ‘‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ইইডির ঢাকা মেট্রো সার্কেলের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় হাসান শওকতের দপ্তরে অর্থ লেনদেনের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে তাঁকে চেয়ারে বসে থাকতে এবং তাঁর টেবিল ঘিরে কয়েকজনকে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের কয়েকজন বড় খাম থেকে এক হাজার ও ৫০০ টাকার নোটের বান্ডিল বের করে টেবিলে রাখছিলেন। এ সময় একজনকে বলতে শোনা যায়, ‘স্যারের কাছে পাঁচ লাখ টাকা রেখে যান।’